চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা-২ আসনের দামুড়হুদা উপজেলার বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রামে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষের সময় দুই দলের নির্বাচনী অফিস ভাঙচুরের দাবি উঠলেও এ বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, আহত দুজন হলেন দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি মেহেদী হাসান (৩২) এবং দর্শনা পৌর শ্রমিক কল্যাণ সেক্রেটারি হাসান তারেক (২৭)। আহতদের রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে আহত তিনজন সমর্থকের নাম জানানো হয়েছে। তারা হলেন স্থানীয় বাসিন্দা মুজিবর রহমান, জুনায়েদ হোসেন ও আশিক। দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে জামায়াতের দুইজন ও বিএনপির একজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে জামায়াতের একটি নির্বাচনী অফিসে একটি ভাঙা চেয়ার পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। পুলিশ জানায়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। Post navigation নিরপেক্ষতা হারালে প্রশাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ দামুড়হুদায় নির্বাচনী গণমিছিল ও কেডিকে ইউনিয়নে পথসভা অনুষ্ঠিত