আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জীবননগরে বিএনপির বিশাল গণমিছিল
জীবননগর(চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে জীবননগরে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় ধানের শীষ প্রতীকের পক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে জীবননগর উপজেলা বিএনপি ও জীবননগর পৌর বিএনপির উদ্যোগে মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি জীবননগর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জীবননগর স্টেডিয়ামে পৌঁছায়।
মিছিলে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান খান বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মিছিলে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি কোনো জান্নাতের টিকিট দিতে পারবে না, তবে নির্বাচিত হলে বেকারদের জন্য কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা, ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ড চালুর ব্যবস্থা করা হবে।
মিছিলে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মোহাম্মদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান,জীবননগর উপজেলা বিএনপির সভাপতি খোকন খান,জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান আলী, যুগ্ম সম্পাদক ও জীবননগর উপজেলা যুবদলের আহবায়ক ময়েন উদ্দিন ময়েন, জীবননগর পৌরসভার সাবেক মেয়র আশরাফুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। নেতারা জানান, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মাহমুদুল হাসান খান বাবুকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *