অফিস ডেক্স :
দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলা শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির বার্ষিক পুনর্মিলনী ও বনভোজন–২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
পিকেএসএফ (PKSF)-এর সহযোগিতায় পরিচালিত ক্ষুদ্রঋণ কর্মসূচি এবং ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট’ (RAISE) প্রকল্পে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এ মিলনমেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটি শুধু একটি ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান নয়; বরং এটি মানুষের জীবনমান উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের একটি কার্যকর প্ল্যাটফর্ম।
তিনি আরও জানান, বর্তমানে সংস্থাটি চারটি জেলায় কার্যক্রম পরিচালনা করছে। ক্ষুদ্রঋণ কর্মসূচির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের প্রায় ২৫ হাজার মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হয়েছে। পাশাপাশি RAISE প্রকল্পের আওতায় এক হাজার বেকার যুবককে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে তাদের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে।
অনুষ্ঠানে সংস্থার চলমান কার্যক্রম ও অর্জনের চিত্র তুলে ধরা হয়। চারটি জেলায় সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা, ক্ষুদ্রঋণের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার বিষয়গুলো বিশেষভাবে আলোচনায় আসে।
এ সময় এক ইমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার বলেন, দক্ষ মানবসম্পদই আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনের প্রধান চালিকাশক্তি। এ ধরনের বার্ষিক পুনর্মিলনী মাঠপর্যায়ের কাজের গতিশীলতা বাড়ানোর পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সমন্বয় জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দিনব্যাপী এ আয়োজনে সংস্থার সাধারণ পরিষদের সদস্য তৌফিক আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প ব্যবস্থাপক ও মাঠপর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *