জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : তেলজাতীয় ফসল বিশেষ করে সরিষার আবাদ বৃদ্ধি ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের উদ্বুদ্ধ করতে চুয়াডাঙ্গার জীবননগরে কারিগরি মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জীবননগর উপজেলার আয়োজনে রবিবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার পৌরসভা ব্লকে এ উদ্বুদ্ধকরণমূলক কারিগরি মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে জানানো হয়, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, “সরিষা–বোরো–রোপা আমন এই শস্য প্যাটার্ন অনুসরণ করলে একজন কৃষক বছরে সহজেই তিনটি ফসল উৎপাদন করতে পারবেন। বর্তমানে দুই ফসল চাষের পর পতিত থাকা প্রায় ৬০ শতাংশ জমিকে তিন ফসলের আওতায় আনা সম্ভব।” তিনি আরও বলেন, কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী আধুনিক স্বল্পজীবনকালীন ধান ও সরিষার উন্নত জাত নির্বাচন এবং পরিবর্তিত প্রযুক্তি গ্রহণের মাধ্যমে কৃষকরা আর্থিকভাবে আরও লাভবান হতে পারবেন। এতে দেশের তেল চাহিদা পূরণে সহায়ক হবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. পাভেল রানা। কারিগরি আলোচনায় অংশ নেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আলমগীর। মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন বাস্তবায়নাধীন কৃষক মো. খাসিয়ার রহমান ও স্বপ্না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইয়াছিন আলী। এ কারিগরি মাঠ দিবসে উপজেলার সীমান্ত, মনোহরপুর, উথলী, কেডিকে ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৭০ জন প্রগতিশীল কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। Post navigation ভালুকায় চলন্ত পিকআপ থেকে ডেলিভারিম্যানকে ফেলে ৩০ লাখ টাকার ব্যাটারি লুট আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার পিকআপ ও ব্যাটারি জীবননগর সীমান্তে বিজিবির ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার