ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় চলন্ত পিকআপ থেকে ডেলিভারিম্যানকে ফেলে দিয়ে প্রায় ৩০ লাখ টাকার ব্যাটারি লুটের ঘটনায় রহস্য উদ্ঘাটন করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৪২৪টি ব্যাটারি, একটি পিকআপ ভ্যান এবং ব্যাটারি বিক্রির ২০ হাজার টাকা।
শনিবার এসব তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মুন্সীগঞ্জের সিরাজদীখান থানার রাজানগর গ্রামের লোকমান ওরফে সাগর ওরফে মিনহাজ এবং কুমিল্লার তিতাস থানার কালাইগোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলী।
পুলিশ জানায়, মামলার বিবরণ অনুযায়ী গত ২৩ জানুয়ারি রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জি… ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ৪৬০টি লিড অ্যাসিড ব্যাটারি ও ৬৩টি টি-শার্ট নিয়ে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ট ১৩-৪৬২০) ময়মনসিংহের ফুলপুরের উদ্দেশে রওনা হয়। পিকআপটিতে ফ্যাক্টরির ডেলিভারিম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন রুবেল হাওলাদার।
রাত আনুমানিক ৪টার দিকে ভালুকার হবিরবাড়ি সিডস্টোর এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে পুষ্পকানন ফিলিং স্টেশনের সামনে চালক লোকমান ওরফে সাগর গাড়িটি থামান। এ সময় চালক ও তাঁর দুই সহযোগী মিলে ডেলিভারিম্যান রুবেল হাওলাদারকে মারধর শুরু করে। একপর্যায়ে তাঁর গলায় চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে মহাসড়কের ওপর ফেলে দিয়ে মালপত্রসহ পিকআপটি নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
ঘটনাটি জানাজানি হলে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তদন্তে নামে। তদন্তের ধারাবাহিকতায় গত ২৯ জানুয়ারি রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসামি লোকমান ওরফে সাগরকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর ৩০ জানুয়ারি ঢাকার খিলক্ষেত এলাকার বালুরঘাট থেকে লুট হওয়া পিকআপটি উদ্ধার করা হয়। একই রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার আরিচপুর এলাকার একটি বাড়ি থেকে ৪২৪টি লিড অ্যাসিড ব্যাটারি উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য প্রায় ২৯ লাখ ১৮ হাজার টাকা।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনায় জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *