চুয়াডাঙ্গা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চুয়াডাঙ্গা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের চেকপোস্ট কার্যক্রম চালানো হয়।
দামুড়হুদা ও জীবননগর শহরের বাসস্ট্যান্ড এলাকায় থানা পুলিশের উদ্যোগে যানবাহনে তল্লাশি, কাগজপত্র যাচাই-বাছাই এবং সন্দেহভাজন ব্যক্তিদের চেকিং করা হয়। দিনব্যাপী এই অভিযানে প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে পরিচালিত চেকপোস্ট কার্যক্রমে পুলিশের সক্রিয় উপস্থিতি চোখে পড়ে। এ সময় চলাচলকারী যাত্রীদের মধ্যেও সচেতনতা লক্ষ্য করা যায়।
এ বিষয়ে ওসি সোলায়মান শেখ বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রতিদিনই গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হচ্ছে। গাড়ির বৈধ কাগজপত্র যাচাই এবং সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।”
পুলিশের এই নিয়মিত নজরদারি ও তৎপরতায় নির্বাচনকালীন সময়ে নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *