জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদক পাচারের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তসংলগ্ন ভারত অভ্যন্তরের হেন্তের বিল এলাকা থেকে ভারতের ম্যাটারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা হলেন—জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের ফকিরপাড়া এলাকার বাসিন্দা সন্তোর ছেলে রকো হোসেন (৩০) এবং একই গ্রামের মসজিদপাড়া এলাকার খোদাবক্সের ছেলে রাশিদুল ইসলাম ওরফে দুলি (৩৯)। স্থানীয় সূত্র জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তারা সীমান্তরক্ষীদের নজর এড়িয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে ভারত থেকে মাদক এনে দেশে সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে। শনিবার ভোরে মাদক সংগ্রহ শেষে বাংলাদেশে ফেরার সময় বিএসএফের টহলদলের হাতে তারা ধরা পড়েন। এ বিষয়ে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, আটক ব্যক্তিরা শূন্যরেখা অতিক্রম করে প্রায় ৫০ গজ ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। পরে মাদকসহ তাদের আটক করে বিএসএফ এবং আইনানুগ প্রক্রিয়ায় ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। Post navigation ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চুয়াডাঙ্গায় পুলিশের কড়া নজরদারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জীবননগরে বিএনপির বিশাল গণমিছিল