ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ ইস্যু নিয়ে আগে থেকেই সমালোচনার মুখে থাকা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে নতুন করে বিতর্কে জড়িয়েছে। খেলোয়াড়দের নাম, ছবি ও পরিচিতি ব্যবহারের শর্ত নিয়ে এবার আইসিসির সঙ্গে সরাসরি দ্বন্দ্বে নেমেছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, আসন্ন বিশ্বকাপ উপলক্ষে আইসিসি খেলোয়াড়দের কাছে যে ‘স্কোয়াড পার্টিসিপেশন টার্মস’ পাঠিয়েছে, তা ২০২৪ সালে দুই পক্ষের সম্মতিতে স্বাক্ষরিত চুক্তির সঙ্গে সাংঘর্ষিক। ডব্লিউসিএ এই নতুন শর্তাবলিকে খেলোয়াড়দের জন্য ‘শোষণমূলক’ হিসেবে আখ্যা দিয়ে লিখিতভাবে আইসিসির কাছে নিজেদের উদ্বেগ জানিয়েছে। তবে আইসিসি এসব অভিযোগ নাকচ করে বলেছে, ২০২৪ সালের চুক্তিটি কেবল আটটি নির্দিষ্ট সদস্য বোর্ডের জন্য প্রযোজ্য ছিল এবং এবারের বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের ক্ষেত্রে তা কার্যকর নয়। এর জবাবে ডব্লিউসিএ দাবি করেছে, আগের চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল— খেলোয়াড় সংগঠনের সঙ্গে যুক্ত সকল ক্রিকেটারের জন্যই ওই চুক্তির সুরক্ষা প্রযোজ্য। ফলে বিশ্বকাপে অংশ নেওয়া সব খেলোয়াড়ই সেই আইনি সুরক্ষা পাওয়ার অধিকার রাখেন। ডব্লিউসিএর প্রধান নির্বাহী টম মফাট নতুন শর্তাবলি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আইসিসির দেওয়া নতুন শর্তাবলি পূর্বে সম্মত চুক্তির তুলনায় খেলোয়াড়দের বাণিজ্যিক অধিকার ও সুরক্ষাকে মারাত্মকভাবে খর্ব করছে।’ বিশেষ করে কনটেন্ট ও মিডিয়া উপস্থিতি, পর্দার পেছনের ভিডিও ধারণ, ড্রেসিংরুমে প্রবেশাধিকার, খেলোয়াড়দের বায়োমেট্রিক ডেটা ব্যবহার এবং লাইসেন্সিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপত্তি তুলেছে ডব্লিউসিএ। মফাট আরও অভিযোগ করেন, ‘সবচেয়ে উদ্বেগের বিষয় হলো— একই বিশ্বকাপে অংশ নেওয়া বড় দলগুলো তুলনামূলক ভালো সুবিধা পেলেও ঝুঁকিপূর্ণ ও স্বল্প আয়ের খেলোয়াড়দের কঠোর শর্তে খেলতে বাধ্য করা হচ্ছে। অথচ অনেক খেলোয়াড়ের জন্য আইসিসি ইভেন্টই আয়ের প্রধান উৎস।’ ডব্লিউসিএ স্পষ্ট করেছে, তারা ক্রিকেটের উন্নয়ন কিংবা আইসিসি ইভেন্টের বিরোধী নয়। তবে খেলোয়াড়দের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতেই সেই উন্নয়ন সম্ভব বলে মনে করে সংগঠনটি। তাদের দাবি, সংশ্লিষ্ট খেলোয়াড়রা ইতোমধ্যে সম্মত স্কোয়াড শর্তে স্বাক্ষর করেছেন। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসিকে সেই পুরোনো ও সম্মত শর্তগুলোই কার্যকর করতে হবে। Post navigation শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন বিধিনিষেধ বিসিবির ভালুকায় চলন্ত পিকআপ থেকে ডেলিভারিম্যানকে ফেলে ৩০ লাখ টাকার ব্যাটারি লুট আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার পিকআপ ও ব্যাটারি