ক্রীড়া ডেস্ক :
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশ সীমিত করে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির নির্ধারিত ও আনুষ্ঠানিক ইভেন্ট ছাড়া এখন থেকে গণমাধ্যমকর্মীরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপত্তাজনিত শঙ্কার কথা বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, গণমাধ্যমকর্মীদের স্টেডিয়ামে প্রবেশ করতে হবে ১ নম্বর গেইট দিয়ে। কেবলমাত্র ম্যাচ ডে কাভারেজ, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির পক্ষ থেকে আমন্ত্রণমূলক কোনো অনুষ্ঠান, কিংবা বিসিবির পূর্বানুমতি ও ঘোষণার ভিত্তিতে নির্ধারিত ট্রেনিং বা প্র্যাকটিস সেশন কাভার করার ক্ষেত্রেই সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে।
বিসিবি আরও জানায়, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে ভেন্যু ও বিসিবি কার্যালয়ে সুষ্ঠু কার্যক্রম পরিচালনার স্বার্থে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।
এর ফলে এখন থেকে গণমাধ্যমকর্মীরা ইচ্ছামতো স্টেডিয়ামে প্রবেশ করে কাজ করতে পারবেন না; বিসিবির জারি করা নির্দেশনা মেনেই সব ধরনের সংবাদ সংগ্রহ ও কাভারেজ পরিচালনা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *