জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিচয়ে মো. রিপন হোসেনের দেওয়া এক বক্তব্যকে বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে প্রতিবাদ জানিয়েছে জীবননগর প্রেসক্লাব।

বুধবার (২৮ জানুয়ারি) প্রকাশিত ওই বক্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক লিখিত বিবৃতিতে জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নূর আলম বলেন, গত বছর রাজনৈতিক দলের সুবিধাভোগী কতিপয় নেতাকর্মীর সহযোগিতায় গুটিকয়েক সাংবাদিক জোরপূর্বক জীবননগর প্রেসক্লাবের ভবন দখল করেন এবং অবৈধভাবে একটি কমিটি গঠন করেন। বিষয়টি চুয়াডাঙ্গা জেলা সহ পুরো অঞ্চলের মানুষের জানা রয়েছে বলে তিনি দাবি করেন।
বিবৃতিতে আরও বলা হয়, প্রেসক্লাবের ভবন দখলের পরও জীবননগর প্রেসক্লাবের বৈধ কমিটি হিসেবে তারা নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রতি প্রশাসনের দ্বারা প্রেসক্লাবের দুইজন সদস্য বিভিন্নভাবে লাঞ্ছনা ও হেনস্তার শিকার হলে সংগঠনটি তাদের পাশে দাঁড়ায়। তবে ওই সময়ে সংশ্লিষ্ট একটি পক্ষ নির্যাতিত সাংবাদিকদের বিপক্ষে অবস্থান নিয়ে প্রশাসনের পক্ষাবলম্বন করেছে বলেও অভিযোগ করা হয়।
মো. নূর আলম তার বিবৃতিতে অভিযোগ করেন, সিনিয়র ও সম্মানিত সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে এবং এ উদ্দেশ্যে ভিডিও কনটেন্টও তৈরি করা হচ্ছে, যা সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী।
তিনি আরও বলেন, জীবননগর প্রেসক্লাব কোনো বিতর্কিত কর্মকাণ্ড কিংবা ভুয়া কমিটির সঙ্গে জড়িত নয়। একটি উপজেলায় একাধিক নামে সাংবাদিক সংগঠন থাকতে পারে,এতে আপত্তির কিছু নেই। তবে জীবননগরে তাদের সংগঠনটি দীর্ঘদিন ধরে সাংবাদিকদের অধিকার, সম্মান ও মর্যাদা রক্ষায় কাজ করে আসছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বহু তথ্য থাকা সত্ত্বেও জীবননগর প্রেসক্লাব কখনো কারও চরিত্র হননের পথে যায়নি এবং ভবিষ্যতেও যাবে না। সংগঠনটি অতীতের মতো বর্তমানেও নির্যাতিত সাংবাদিকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *