চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলায় ‘কুষ্ঠ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কারই প্রকৃত বাধা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে বিশ্ব কুষ্ঠ দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কুষ্ঠ রোগীদের মাঝে কম্বল বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
চিকিৎসকরা জানান, কুষ্ঠ রোগের সময়মতো চিকিৎসা না নিলে বিকলাঙ্গতা ও অন্যান্য জটিলতা দেখা দিতে পারে। প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে— হালকা ফ্যাকাশে বা লালচে রঙের অনুভূতিহীন দাগ, ওই দাগে চুলকানি না থাকা, ঘাম না হওয়া এবং লোম ঝরে যাওয়া। এই ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ এবং দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র‌্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, এবং বিশেষ অতিথি ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের চুয়াডাঙ্গা প্রোগ্রামের প্রশাসক ডা. শাফিউল কবির, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিভাগীয় প্রজেক্ট অফিসার অনন্ত বৈরাগী, এবং ইম্প্যাক্ট ফাউন্ডেশনের ইএপি প্রকল্পের ফোকাল পারসন রফিকুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন।
একইভাবে জীবননগর উপজেলাতেও বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কমপ্লেক্সে এসে শেষ হয়। র‌্যালি শেষে কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকবুল হোসেন, এবং প্রধান অতিথি ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি (একাংশ) মুন্সী মাহবুবুর রহমান।
বক্তারা কুষ্ঠ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং কুষ্ঠ নির্মূলে সরকারের চলমান কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি পরিচালনা ও সহযোগিতা করেছে ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ চুয়াডাঙ্গা শাখা।
উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *