জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :
আজ সকালে জীবননগর পৌরসভা এলাকায় ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার দুইটি ইটভাটা, মাছের বাজার ও সাধারণ শ্রমজীবী মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় ও গণসংযোগ করেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
গণসংযোগ শেষে ‘তরুণদের নিয়ে ভাবনা’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক আহসান হাবিব ইমরোজ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থী জনাব মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচন পরিচালক মাওলানা আজিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইমদাদুল হক মহসিন।
অনুষ্ঠানে প্রধান আলোচক তার বক্তব্যে তরুণদের রাজনৈতিক সচেতনতা, ভোটাধিকার প্রয়োগ এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন,
“তরুণরা কেবল ভোটার নয়, তারা নীতিনির্ধারণের নৈতিক চালিকাশক্তি। তাদের ভাবনা উপেক্ষা করে টেকসই গণতন্ত্র গড়া সম্ভব নয়।”
তিনি আরও বলেন, তরুণদের প্রধান দাবির মধ্যে রয়েছে কর্মসংস্থান সৃষ্টি, মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন এবং মতপ্রকাশের স্বাধীনতা। বর্তমানে তরুণ সমাজ আর শুধু আশ্বাসে বিশ্বাস করে না; তারা বাস্তবভিত্তিক পরিকল্পনা ও জবাবদিহিমূলক রাজনীতি প্রত্যাশা করে।
প্রধান মেহমান জনাব মোঃ রুহুল আমিন তার বক্তব্যে বলেন, তরুণদের রায়ই আগামী দিনের বাংলাদেশ গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। তিনি বলেন, তরুণদের যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ সৃষ্টি করা এবং তাদের সক্ষমতা আরও শক্তিশালী করাই তার মূল লক্ষ্য। যোগ্যতার ভিত্তিতে সবাইকে দায়িত্ব দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক তরুণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *